

অনলাইন নিউজ ডেস্ক
কুমিল্লায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের পাশে একটি রেস্টুরেন্টে নাস্তা করার পর এক বিদেশি পরিবার ভুলবশত তাদের ছোট শিশুকে রেখে চলে গেছে।
শনিবার সকালে সদর দক্ষিণ উপজেলার মোস্তাফাপুর এলাকার জাইতুন রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে। জানা যায়, ভারতের কাশ্মিরি ওই পরিবারটি প্রায় ১৫ জন সদস্য নিয়ে দুটি গাড়িতে করে সেখানে নাস্তা করতে আসে।
রেস্টুরেন্টের স্বত্বাধিকারী লুৎফুর রহমান রিপন জানান, পরিবারটি খাওয়াদাওয়া শেষে চলে যাওয়ার সময় দেড় থেকে দুই বছর বয়সী, কথা বলতে না পারা শিশুটিকে সঙ্গে নিতে ভুলে যায়। পরে বিষয়টি নজরে এলে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ থানায় খবর দেয়।
সদর দক্ষিণ মডেল থানার ওসি রকিবুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ও সমাজসেবা কর্মকর্তারা পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। তারা শিশুটিকে নিতে পথে আছেন বলে জানা গেছে, পৌঁছালে আইন অনুযায়ী হস্তান্তর করা হবে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা শামীমা শারমিন বলেন, পরিবারটির অবস্থান নিশ্চিত করে তাদের খবর দেওয়া হয়েছে। তারা আসার পর বিস্তারিত জানা যাবে।



