

হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক কথিত পুশ-ইনের একটি প্রচেষ্টা প্রতিহত করেছে ৫৫ বিজিবি।
শনিবার (২৭ জুন) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে তেলিয়াপাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তে ১৯৮২ নম্বর মেইন পিলারের ১১-এস সাব-পিলার সংলগ্ন এলাকায় অজ্ঞাতসংখ্যক ভারতীয় নাগরিককে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয় বলে বিজিবি জানায়।
বিজিবির টহলদল তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে জিরো লাইনে ওই প্রচেষ্টা প্রতিহত করে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভারতের অভ্যন্তরে ফেরত পাঠায়। এ সময় স্থানীয় সীমান্তবাসীও বিজিবিকে সহায়তা করেন।
বিজিবি জানিয়েছে, বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সীমান্তে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করা হচ্ছে।



