

অনলাইন নিউজ ডেস্ক
বিদেশের সঙ্গে সম্পাদিত সব গুরুত্বপূর্ণ চুক্তি সংসদে উপস্থাপনের আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, এতে রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে এবং সরকার ও জনগণের মধ্যে আস্থা আরও সুদৃঢ় হবে।
শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বিদেশ সফর নিয়ে আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর উত্থাপিত প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, সংসদকে পাশ কাটিয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। রাষ্ট্রের সব গুরুত্বপূর্ণ কার্যক্রম সংসদের মাধ্যমেই সম্পন্ন হওয়া উচিত, যাতে জনপ্রতিনিধিরা চুক্তি ও সিদ্ধান্ত সম্পর্কে অবগত থাকতে পারেন।
তিনি বলেন, বাংলাদেশ একটি স্বাধীন ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণ করবে—এটাই দেশের মানুষের প্রত্যাশা। বিরোধী দল হিসেবে এ ধরনের নীতি বাস্তবায়নে সরকারের প্রতি সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও দেন তিনি।
প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সফরে যাওয়া দুটি দেশকে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, দেশের বাণিজ্য ঘাটতি কমাতে রপ্তানি খাতকে আরও বহুমুখী করতে হবে। শুধু তৈরি পোশাক ও জনশক্তির ওপর নির্ভর না করে নতুন নতুন খাতের বিকাশে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
পররাষ্ট্রনীতির ক্ষেত্রে দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে অন্য দেশের সম্পর্ক হবে পারস্পরিক সম্মান, সমতা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে। স্বাধীন পররাষ্ট্রনীতিতে কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।
রাজনীতিতে ইতিবাচক সংস্কৃতির প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, সরকার সব কৃতিত্ব নেবে আর বিরোধী দল শুধু বিরোধিতা করবে—এ ধরনের রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। সরকার ও বিরোধী দল উভয়েরই পারস্পরিক সম্মান বজায় রেখে দেশ গঠনে গঠনমূলক ভূমিকা পালন করা উচিত।



