

অনলাইন নিউজ ডেস্ক
বিশ্বকাপে শুধু মাঠের প্রতিপক্ষের বিপক্ষেই নয়, মাঠের বাইরেও নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হচ্ছে ইরানকে। দলটির অভিযোগ, অন্য দলগুলো যেখানে ম্যাচ ভেন্যুর কাছাকাছি অবস্থান করার সুযোগ পাচ্ছে, সেখানে ইরানকে প্রতিটি ম্যাচ খেলতে অন্য দেশ থেকে যুক্তরাষ্ট্রে এসে আবার ফিরে যেতে হচ্ছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান উত্তেজনার কারণে দলের কয়েকজন কর্মকর্তা ও লজিস্টিক স্টাফ যুক্তরাষ্ট্রের ভিসাও পাননি। ফলে পুরো টুর্নামেন্টজুড়ে ভোগান্তিতে পড়েছে দলটি।
মিসরের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ শেষে এসব নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ইরান অধিনায়ক মেহদী তারেমি। তিনি অভিযোগ করেন, প্রতিশ্রুতি দেওয়ার পরও সমস্যার সমাধানে কোনো উদ্যোগ নেয়নি ফিফা।
তারেমি বলেন, “এটি একটি জঘন্য বিশ্বকাপ। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচের পর ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আমাদের ড্রেসিংরুমে এসে সব সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু গ্রুপ পর্ব শেষ হতে চললেও কিছুই বদলায়নি।”
তিনি আরও বলেন, “আমাদের লজিস্টিক দলের কেউ এখানে নেই, কারণ তারা ভিসা পাননি। এটি আমাদের প্রতি চরম অন্যায়। ফিফা যদি মনে করে এটা ন্যায়সংগত, তাহলে সেটাই তাদের সিদ্ধান্ত। তারা যদি আমাদের টুর্নামেন্ট থেকে বিদায় দেখতে চায়, তাহলে হয়তো সেটাই হচ্ছে।”
ইরান অধিনায়ক অভিযোগ করেন, প্রতিটি ম্যাচের পর দলকে আবার মেক্সিকোর তিহুয়ানায় ফিরতে হচ্ছে, যা অন্য কোনো দলের ক্ষেত্রে ঘটছে না। তার ভাষায়, “এখানে আমাদের সবকিছুর বিরুদ্ধেই লড়তে হচ্ছে। ৯০ মিনিট খেলার পর আবার তিহুয়ানায় ফিরে যেতে হবে কেন?”
গ্রুপ পর্ব শেষে তিন পয়েন্ট নিয়ে তৃতীয় সেরা দলগুলোর তালিকায় রয়েছে ইরান। শেষ ৩২-এ ওঠার ভাগ্য এখন নির্ভর করছে অন্য ম্যাচের ফলের ওপর। মিসরের বিপক্ষে জয় পেলেই সরাসরি নকআউট নিশ্চিত হতো তাদের। শেষ মুহূর্তে ২-১ ব্যবধানে এগিয়েও গিয়েছিল ইরান, তবে অফসাইডের কারণে সেই গোল বাতিল হওয়ায় শেষ পর্যন্ত হতাশাই সঙ্গী হয় দলটির।



