

অনলাইন নিউজ ডেস্ক
ভারতের মুম্বাইয়ে মহররমের একটি তাজিয়া মিছিলে ভয়াবহ হামলার পরিকল্পনার অভিযোগে ফাইয়াজ প্রেমজি নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে প্রায় ১৫ হাজার মানুষকে হত্যার উদ্দেশ্যে বিষাক্ত ক্যাপসুল বিতরণের পরিকল্পনার অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
রোববার (২৮ জুন) এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, অভিযুক্ত স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ব্যাপক প্রাণহানির পরিকল্পনার কথা উল্লেখ করেছেন বলে পুলিশের দাবি।
পুলিশ জানায়, অভিযুক্ত অনলাইন থেকে প্রায় ৫০ কেজি জিঙ্ক ফসফাইড এবং প্রায় ৩০ হাজার খালি ক্যাপসুল সংগ্রহ করেন। পরে সেগুলোতে বিষাক্ত পদার্থ ভরে মহররমের মিছিলে “ভিটামিন” বা রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধির ওষুধ হিসেবে বিতরণের পরিকল্পনা করা হয়।
তদন্তে আরও জানা গেছে, কিছু স্বেচ্ছাসেবীকে প্রকৃত তথ্য না জানিয়ে এসব ক্যাপসুল বিতরণে ব্যবহার করা হয়েছিল। ইতোমধ্যে অন্তত ১১ জন ক্যাপসুল সেবনের পর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন এবং চিকিৎসা শেষে তারা বর্তমানে শঙ্কামুক্ত।
পুলিশের তথ্য অনুযায়ী, ফাইয়াজ প্রেমজিকে ২৭ জুন মুম্বাইয়ের রহমতাবাদ কবরস্থান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি পুনের বিমান নগরের বাসিন্দা এবং পেশায় রং ব্যবসায়ী। তদন্তে তার বিদেশ সফর ও সম্ভাব্য যোগাযোগ নিয়েও খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ, অ্যান্টি-টেররিজম স্কোয়াড (এটিএস) এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলো যৌথভাবে ঘটনাটির তদন্ত করছে। জব্দ করা ক্যাপসুল ও রাসায়নিক পদার্থ ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
জিঙ্ক ফসফাইড সাধারণত ইঁদুর মারার বিষ হিসেবে ব্যবহৃত হয়। এটি মানবদেহে প্রবেশ করলে প্রাণঘাতী বিষক্রিয়া সৃষ্টি করতে পারে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।
ঘটনায় হত্যাচেষ্টা ও বিষ প্রয়োগসংক্রান্ত বিভিন্ন ধারায় মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।



