

অনলাইন নিউজ ডেস্ক
সদ্য নির্বাচিত সংসদ সদস্য ইশরাক হোসেন বলেছেন, সাকিব আল হাসান ও মাশরাফী বিন মোর্ত্তজা-র বিরুদ্ধে দায়ের করা খুনের মামলা তার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় না। দেশের একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
ইশরাক বলেন, তারা শুধু ক্রিকেটার নন, বরং বাংলাদেশ ক্রিকেটের গুরুত্বপূর্ণ সম্পদ। তার ভাষ্য, জনগণ ও সমাজ ইতোমধ্যে এ বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করেছে। তিনি মনে করেন না যে তারা কাউকে হত্যা করার নির্দেশ দিয়েছেন বা সরাসরি কোনো সহিংস ঘটনায় জড়িত ছিলেন। তবে তাদের বিরুদ্ধে অন্য কোনো দুর্নীতি বা অর্থপাচারের অভিযোগ থাকলে তা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তদন্ত হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছেন মাশরাফী। ঘরোয়া ক্রিকেটে আনুষ্ঠানিক বিদায় না জানালেও রাজনৈতিক পরিস্থিতির কারণে তিনি প্রকাশ্যে সক্রিয় নন। একই কারণে দেশে ফিরতে পারছেন না সাকিবও। তবে জাতীয় দলের জার্সিতে খেলেই বিদায় নিতে চান বলে সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান এই অলরাউন্ডার।
এর পর থেকেই সাকিবের মাঠে ফেরা নিয়ে আলোচনা শুরু হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, তাকে দলে ফেরানোর বিষয়ে তারা ইতিবাচক। পাশাপাশি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর পক্ষ থেকেও তার খেলা নিয়ে আপত্তি নেই বলে জানা গেছে।
দলটির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর আগেই বলেছিলেন, জাতীয় দলে খেলা পুরোপুরি নির্ভর করবে সাকিবের ফর্ম ও প্রস্তুতির ওপর। তিনি খেলাধুলার সঙ্গে রাজনীতিকে না জড়ানোর পক্ষে মত দেন এবং যোগ্য হলে যে কেউ দলে সুযোগ পাবে বলে মন্তব্য করেন।
চলমান বিশ্বকাপের পর পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশের। গুঞ্জন ছিল, ওই সিরিজ সামনে রেখে ২৮ ফেব্রুয়ারি দেশে ফিরবেন সাকিব। তবে তিনি নিজেই জানিয়েছেন, ওই তারিখে দেশে ফিরছেন না।



