

অনলাইন নিউজ ডেস্ক
আগামী তিন মাসের মধ্যে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক পদে প্রায় ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
সোমবার (২২ জুন) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং ডিনস ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনে সরকার ব্যাপক নিয়োগ কার্যক্রম হাতে নিতে যাচ্ছে। এর অংশ হিসেবে আগামী তিন মাসের মধ্যে প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রায় ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ গ্রহণ করা হবে।
তিনি আরও জানান, এবারের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পাশাপাশি মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডসহ মোট ১১টি শিক্ষা বোর্ডে যেসব বিষয়ের পাঠ্যক্রম ও বিষয়বস্তু অভিন্ন, সেসব বিষয়েও একই প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে।
শিক্ষাখাতে সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথাও তুলে ধরেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, শিক্ষা খাতে বাজেট বরাদ্দ বাড়ানোর লক্ষ্যে কাজ চলছে। পরিকল্পনা অনুযায়ী ২০২৭-২৮ অর্থবছরে শিক্ষাখাতে জিডিপির সাড়ে ৩ শতাংশ এবং পরবর্তী অর্থবছরে ৪ শতাংশ বরাদ্দ নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
অনুষ্ঠানে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষা, গবেষণা ও বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ৫১ জন শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিকে ডিনস ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান করা হয়।



