

অনলাইন নিউজ ডেস্ক
নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে গণঅধিকার পরিষদ। সমাবেশ থেকে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সারা দেশে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
সোমবার রাত ৮টার দিকে রাজধানীর পল্টনে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি পল্টন মোড় ও জাতীয় প্রেস ক্লাব এলাকা প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আল মামুন বলেন, আওয়ামী লীগ যদি আবারও বাসে অগ্নিসংযোগ বা কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করে, তাহলে জনগণ তা প্রতিহত করবে। তিনি অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত সহিংস ঘটনার জন্য আওয়ামী লীগ দায়ী।
হাসান আল মামুন আরও বলেন, বিদেশে অবস্থানরত নেতাদের কথায় দেশের ভেতরে থাকা আওয়ামী লীগের কর্মীদের উসকানিমূলক কর্মকাণ্ডে জড়ানো উচিত হবে না। তিনি শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।
সমাবেশ থেকে তিনি আগামী মঙ্গলবার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য বিশৃঙ্খলা প্রতিরোধে দেশের সব জেলায় শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন।
গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, প্রশাসন সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সতর্ক রয়েছে। একই সঙ্গে গণঅধিকার পরিষদ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা রাজপথে সক্রিয় থাকবে বলেও তিনি জানান।
ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সভাপতি অ্যাডভোকেট নিজামউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান, যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক সবুজ সেরনিয়াবাত এবং মহানগর দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক নুরুল করিম শাকিল।
উল্লেখ্য, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গনে চলমান আলোচনা ও উত্তেজনার প্রেক্ষাপটে এ কর্মসূচি ঘোষণা করেছে গণঅধিকার পরিষদ।



