
অনলাইন নিউজ ডেস্ক
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সংসদে কথা বলার পরিবেশ ও জাতীয় স্বার্থে থাকার প্রয়োজন যতদিন থাকবে, ততদিন তারা সংসদে থাকবেন। তবে সংসদের কার্যকারিতা শেষ হয়ে গেলে সেখানে আর অবস্থান করবেন না।
মঙ্গলবার (২৩ জুন) রাজধানীর বিজয়নগরে ১১ দলীয় জোটের উদ্যোগে ফ্যাসিবাদী শাসনামলে গুম-খুনের বিচারের দাবিতে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, “যেদিন মনে হবে এই সংসদে আর কথা বলে লাভ নেই, সেদিন খোদা হাফেজ বলে আমরা সংসদ থেকে বেরিয়ে আসব।”
সরকারের সমালোচনা করে তিনি বলেন, ক্ষমতায় আসার আগে গুম, খুন ও নির্যাতনের বিচার করার প্রতিশ্রুতি দেওয়া হলেও এখন সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখা যাচ্ছে না। বরং দেশে হত্যা ও সহিংসতার ঘটনা বেড়েছে বলে দাবি করেন তিনি।
জামায়াত আমির অভিযোগ করেন, বিভিন্ন প্রতিষ্ঠান ও প্রশাসনে দলীয়করণ করা হচ্ছে এবং সরকার একদলীয় শাসনের দিকে এগোচ্ছে। তিনি গুম, খুন ও রাজনৈতিক সহিংসতার ঘটনাগুলোর দ্রুত বিচার দাবি করেন।
সমাবেশে তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ রয়েছে এবং অন্যায় ও ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত থাকবে। কোনো নতুন বা পুরোনো ফ্যাসিবাদকে মেনে নেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।



