সারাদেশ

শেয়ারবাজার সম্পর্কে ব্যবহারিক জ্ঞান নিতে সিএসই পরিদর্শনে আইআইইউসির শিক্ষার্থীরা

শেয়ারবাজার সম্পর্কে বাস্তবভিত্তিক জ্ঞানার্জন এবং বিনিয়োগ কার্যক্রমের ব্যবহারিক ধারণা নিতে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) পরিদর্শন করেছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষার্থীরা।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার চট্টগ্রামের আগ্রাবাদে অবস্থিত সিএসই কার্যালয়ে এ শিক্ষাসফরের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সিএসইর চিফ রেগুলেটরি অফিসার মোহাম্মদ মাহাদি হাসান বলেন, বিনিয়োগে বৈচিত্র্য আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু শেয়ার নয়, মিউচুয়াল ফান্ড, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড (ইটিএফ) ও বন্ডের মতো বিভিন্ন আর্থিক পণ্যে বিনিয়োগ সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে। বাজার ব্যবস্থাপনা ও নতুন আর্থিক পণ্য সম্পর্কে সম্যক জ্ঞান ভবিষ্যতের সম্ভাবনা উন্মোচন করতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

আইআইইউসির ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন, উন্নত অর্থনীতিতে শেয়ারবাজার দীর্ঘমেয়াদি বিনিয়োগের প্রধান উৎস হলেও বাংলাদেশে এখনো ব্যাংকনির্ভর অর্থায়ন বেশি প্রচলিত। তাই ভবিষ্যৎ বিনিয়োগকারীদের পর্যবেক্ষণ ও বিশ্লেষণের ভিত্তিতে বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা অর্জন করতে হবে।

অধ্যাপক ড. নাজনিন জাহান চৌধুরী বলেন, তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞানের সঙ্গে সম্পৃক্ত করা জরুরি। পুঁজিবাজারের কার্যক্রম ও এর বিভিন্ন দিক সম্পর্কে গভীরভাবে জানার মাধ্যমে তারা বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারবে।

অনুষ্ঠানে দেশের শেয়ারবাজারে প্রচলিত বিভিন্ন বিনিয়োগ পণ্য, আর্থিক ব্যবস্থাপনা, বিনিয়োগের ঝুঁকি ও সম্ভাব্য রিটার্ন সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেওয়া হয়। পাশাপাশি ভবিষ্যতে দক্ষ বিনিয়োগকারী হিসেবে নিজেদের গড়ে তুলতে শিক্ষাজীবন থেকেই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান বক্তারা।

এ সময় সিএসইতে কমোডিটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠার উদ্যোগ এবং এ বিষয়ে চলমান অগ্রগতির বিষয়েও শিক্ষার্থীদের অবহিত করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button