

স্কটল্যান্ডকে ৩–০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করেছে ব্রাজিল। তবে ম্যাচ শেষে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল ভিনিসিয়ুস জুনিয়রের বিতর্কিত বাতিল গোল। ভিএআরের সিদ্ধান্তে হ্যাটট্রিক থেকে বঞ্চিত হওয়া এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের গোল বাতিলের ঘটনায় ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
বৃহস্পতিবার পাঠানো এক চিঠিতে সিবিএফ ম্যাচ পরিচালনা নিয়ে অসন্তোষ প্রকাশের পাশাপাশি মেক্সিকান রেফারি সিজার রামোসকে ভবিষ্যতে ব্রাজিলের কোনো ম্যাচে দায়িত্ব না দেওয়ার অনুরোধ জানিয়েছে।
ম্যাচের প্রথমার্ধের ২২তম মিনিটে বিতর্কিত ঘটনাটি ঘটে। তখন ১–০ গোলে এগিয়ে ছিল ব্রাজিল। স্কটল্যান্ডের ডিফেন্ডার জ্যাক হেনড্রির কাছ থেকে বল কেড়ে নিয়ে বক্সে ঢুকে নিখুঁত ফিনিশিংয়ে জাল খুঁজে পান ভিনিসিয়ুস। তবে ভিএআরের পরামর্শে পিচসাইড মনিটরে রিপ্লে দেখে রেফারি গোলটি বাতিল করেন। তাঁর সিদ্ধান্ত ছিল, বল দখলের সময় হেনড্রির বিরুদ্ধে ফাউল করেছিলেন ভিনিসিয়ুস।
রিপ্লে নিয়ে ভিন্নমত দেখা দেয়। কেউ মনে করেন, ভিনিসিয়ুস বৈধভাবেই বল দখল করেছিলেন, আবার অন্যদের মতে হেনড্রির কিক নেওয়ার সময় বাধা সৃষ্টি হয়েছিল। গোল বাতিলের পরপরই ক্ষোভ প্রকাশ করেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি, খেলোয়াড় ও কোচিং স্টাফের সদস্যরা।
ব্রাজিলের সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সিবিএফ সভাপতি সামির জাউদ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কাছে পাঠানো চিঠিতে উল্লেখ করেন, ভিএআরের উদ্দেশ্য হলো মাঠের রেফারির ‘স্পষ্ট ভুল’ সংশোধন করা। কিন্তু এই ঘটনায় সেই নীতি অনুসরণ করা হয়নি বলে মনে করছে ব্রাজিল ফুটবলের সর্বোচ্চ সংস্থা।
চিঠিতে আরও বলা হয়, বিতর্কিত সিদ্ধান্তটি ম্যাচের স্বাভাবিক ধারাকে প্রভাবিত করেছে। এ কারণেই ভবিষ্যতে সিজার রামোসকে ব্রাজিলের কোনো ম্যাচ পরিচালনার দায়িত্ব না দেওয়ার অনুরোধ জানিয়েছে সিবিএফ।
আগামী সোমবার হিউস্টনে রাউন্ড অব ৩২-এর ম্যাচে জাপানের মুখোমুখি হবে কার্লো আনচেলত্তির দল।


