জাতীয়

গণভোটের সিদ্ধান্ত না মানায় নতুন সংকট তৈরি হয়েছে’—শফিকুর রহমান

অনলাইন নিউজ ডেস্ক

সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, বিএনপি গণভোটের সিদ্ধান্ত মেনে না নেওয়ায় জাতীয় জীবনে নতুন করে সংকট তৈরি হয়েছে। একই সঙ্গে তিনি দেশের স্থায়ী ও কার্যকর পরিবর্তনের জন্য সর্বস্তরে সংস্কারকে অপরিহার্য বলে মন্তব্য করেন।

শুক্রবার (২৬ জুন) সকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে অন্যান্য মন্ত্রণালয়ের বিষয়ে বক্তব্য ও প্রশ্নের উত্তর দিলেও নিজের মন্ত্রণালয়ের মূল দায়িত্ব পালনের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন না। তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রমে সরকারের উদাসীনতার অভিযোগ তোলেন।

সংসদীয় রাজনীতির প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, জাতীয় ও জনগণের স্বার্থ রক্ষায় বিরোধী দল সংসদে সক্রিয় ও বলিষ্ঠ ভূমিকা পালন করবে। সরকার যদি জনগণের স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত গ্রহণ করে, তাহলে সংসদের পাশাপাশি রাজপথেও তার বিরুদ্ধে ধারাবাহিক প্রতিবাদ অব্যাহত থাকবে।

দেশের সার্বভৌমত্ব ও রাজনৈতিক অবস্থান তুলে ধরে তিনি বলেন, কোনো ধরনের আধিপত্যবাদ মেনে নেওয়া হবে না। জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে দলের আন্দোলন ও সংগ্রাম অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button