

অনলাইন নিউজ ডেস্ক
রাজধানীর বনানীতে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে একই পরিবারের এক নারীসহ তিনজন আহত হয়েছেন। শনিবার (২৭ জুন) ভোর সাড়ে ৪টার দিকে মহাখালীর ওয়্যারলেস শিশু মেলা স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন সুমন মিয়া (৪৫), তার স্ত্রী সোনিয়া (৩৮) এবং সোনিয়ার ভাই রাসেল (৪০)। তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ ও স্বজনদের তথ্য অনুযায়ী, পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সুমনের সঙ্গে আরিফ নামে এক ব্যক্তির কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আরিফসহ ৮ থেকে ১০ জন তাদের ওপর হামলা চালিয়ে মারধর ও ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
আহত সুমন পরিবারসহ মহাখালী টিঅ্যান্ডটি কলোনিতে বসবাস করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জানে আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, টাকা-পয়সার লেনদেন সংক্রান্ত বিরোধের জেরেই হামলার ঘটনা ঘটেছে। তবে এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বর্তমানে আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।



