সারাদেশ

বিধবার ঘরে ঢুকে হাতেনাতে ধরা ইমাম, ১০ লাখ টাকা কাবিনে বিয়ে

অনলাইন নিউজ ডেস্ক

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় গভীর রাতে এক বিধবার বাড়িতে অবস্থানকালে স্থানীয় বাসিন্দাদের হাতে আটক হয়েছেন একটি মসজিদের ইমাম। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে উভয় পক্ষের সম্মতিতে ১০ লাখ টাকা কাবিন নির্ধারণ করে তাদের বিয়ে সম্পন্ন হয়।

রোববার (২৮ জুন) বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এর আগে শনিবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের দেড়াগাঁতী মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দেড়াগাঁতী মধ্যপাড়া জামে মসজিদের (টাঙ্গাইলপাড়া) ইমাম মো. সেলিম গভীর রাতে একই এলাকার মৃত আল আমিনের স্ত্রী মোছা. শানু বেগমের বাড়িতে যান। বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে এলে তারা তাকে সেখানে আটক করেন। পরে খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয়দের দাবি, প্রায় ১০ বছর ধরে ওই মসজিদে ইমামতি করছেন মো. সেলিম। শানু বেগমের স্বামীর মৃত্যুর পর থেকে তাদের মধ্যে যোগাযোগ ছিল বলে এলাকায় আলোচনা চলছিল।

স্থানীয় বাসিন্দা মো. কাদের জানান, গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে ১০ লাখ টাকা কাবিন নির্ধারণ করা হয়। এরপর তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর ইমাম সেলিম নববধূকে নিজের বাড়িতে নিয়ে যান।

এ বিষয়ে জানতে চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, ঘটনাটি সম্পর্কে পুলিশ অবগত রয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button