জাতীয়

দুই দিনের সফরে সোমবার সিলেটে আসছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার এম এ সালাম

অনলাইন নিউজ ডেস্ক

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) চেয়ারম্যান ব্যারিস্টার এম এ সালাম দুই দিনের সফরে সোমবার (২৯ জুন) সিলেটে আসছেন।

সফরসূচি অনুযায়ী, তিনি সোমবার সকাল ১১টা ১৫ মিনিটে ঢাকা থেকে বিমানে রওনা হয়ে দুপুর ১২টায় সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। বিমানবন্দর থেকে তিনি সরাসরি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করবেন।

এরপর দুপুর ১২টা ৪৫ মিনিটে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সিলেট ইউনিট কার্যালয় পরিদর্শন করবেন। পরে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে ইউনিট নির্বাহী কমিটির সদস্য, কর্মকর্তা-কর্মচারী, যুব রেড ক্রিসেন্ট সদস্য ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

সোমবার বিকেল সাড়ে ৩টায় তিনি নগরীর চৌহাট্টাস্থ রেড ক্রিসেন্ট মাতৃ ও শিশুকল্যাণ হাসপাতাল, মুজিব জাহান রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্র এবং রেড ক্রিসেন্ট নার্সিং কলেজ পরিদর্শন করবেন। এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সদস্য, চিকিৎসক, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।

পরে বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত দক্ষিণ সুরমার রায়বান গ্রামে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার (৩০ জুন) সকাল ১০টায় দক্ষিণ সুরমায় প্রস্তাবিত নতুন রেড ক্রিসেন্ট মাতৃ ও শিশুকল্যাণ হাসপাতালের স্থান পরিদর্শন করবেন ব্যারিস্টার এম এ সালাম। এরপর জালালপুর ডিগ্রি কলেজ এবং রেঙ্গা হাজীগঞ্জ মাদ্রাসায় আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন।

এদিন বিকেল ৪টায় দক্ষিণ সুরমার সুনামপুর গ্রামে বিবি ট্রাস্টের অর্থায়নে নির্মিতব্য পাকা ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। সফরের শেষ পর্যায়ে সন্ধ্যা ৭টায় নগরীর একটি হোটেলে সিলেটে কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা ও নৈশভোজে অংশ নেবেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button