

অনলাইন নিউজ ডেস্ক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী বলেছেন, ভবিষ্যতে দেশে কোনো ফ্যাসিবাদী ব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা হলে তার বিরুদ্ধে আবারও রাজপথে আন্দোলন গড়ে তোলা হবে।
রোববার (২৮ জুন) দুপুরে মৌলভীবাজারের জুড়ী উপজেলার ক্যাম্প চত্বরে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।
পথসভায় নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানায় এনসিপি। একই সঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্রশ্রয় দেওয়া হলে তার বিরুদ্ধেও তাদের দল আন্দোলন করবে।
সীমান্ত পরিস্থিতি প্রসঙ্গে তিনি অভিযোগ করে বলেন, ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতের নাগরিকদের বাংলাদেশে পাঠানোর চেষ্টা করছে। তিনি স্থানীয় বাসিন্দাদের বিজিবির সঙ্গে সমন্বয় করে সীমান্তে সতর্ক থাকার আহ্বান জানান, যাতে অবৈধ অনুপ্রবেশ ঠেকানো যায়।
পথসভায় এনসিপির নেতা আব্দুল মালিক সাচ্চু, প্রীতম দাস, আফজাল হোসেন, আমির হামজাসহ দলটির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



