জাতীয়

‘জুলাই আন্দোলনের একক কোনো মাস্টারমাইন্ড নেই, ১৮ কোটি মানুষই এর নায়ক’—ডা. শফিকুর রহমান

অনলাইন নিউজ ডেস্ক

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই আন্দোলনের একক কোনো মাস্টারমাইন্ড নেই; বরং বাংলাদেশের ১৮ কোটি মানুষই এ আন্দোলনের প্রকৃত নায়ক।

রোববার জাতীয় সংসদে বাজেটের ওপর সাধারণ আলোচনায় পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ মন্তব্য করেন।

এর আগে বাজেট আলোচনায় অংশ নিয়ে জামালপুর-১ আসনের সরকারদলীয় সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত দাবি করেন, বিরোধীদলীয় নেতা একসময় বলেছিলেন, জুলাই আন্দোলনের প্রধান নায়ক ছিলেন তারেক রহমান। এ বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বাজেট বাস্তবায়ন নিয়েও নিজের অবস্থান তুলে ধরেন।

জবাবে ডা. শফিকুর রহমান বলেন, তার বক্তব্যের সময়কাল সঠিকভাবে উপস্থাপন করা হয়নি। তিনি বলেন, ‘আমি ওই বক্তব্য দিয়েছিলাম ২০২৪ সালের এপ্রিলে। কিন্তু পরিস্থিতির পরিবর্তন হয়েছে ওই বছরের আগস্টে।’

তিনি আরও বলেন, যাদের নেতৃত্বে গণঅভ্যুত্থান সফল হয়েছে, তাদের প্রতি সবারই শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে এবং তাদের যথাযথ মর্যাদা দেওয়া উচিত।

ডা. শফিকুর রহমান বলেন, ‘ড. ইউনূসও যুক্তরাষ্ট্রে গিয়ে একজনকে মাস্টারমাইন্ড বলেছিলেন। তখন আমি তার সেই বক্তব্যের প্রতিবাদ করে বলেছিলাম, আন্দোলনের একক কোনো মাস্টারমাইন্ড আমরা মানি না। আমাদের যুবসমাজকে কৃতিত্ব দিতে চাই। আর এই আন্দোলনের প্রকৃত মাস্টারমাইন্ড হলো বাংলাদেশের ১৮ কোটি মানুষ।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button