

অনলাইন নিউজ ডেস্ক
জামায়াতে ইসলামীর ১৯৭১ সালের ভূমিকা ও অবস্থান জনগণের সামনে পরিষ্কার করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম।
রোববার (২৮ জুন) জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।
বিরোধী দলের প্রতি ইঙ্গিত করে মির্জা ফখরুল বলেন, তারা বিভিন্নভাবে সরকারকে ক্ষুব্ধ করার চেষ্টা করছেন, যা বর্তমান পরিস্থিতিতে সঠিক নয়। তিনি বলেন, নিজেদের অতীত ভূমিকা নিয়ে আত্মসমালোচনা করা প্রয়োজন।
তিনি বলেন, একাত্তরের ভূমিকার জন্য তারা এখনো জাতির কাছে ক্ষমা চাননি। এ প্রসঙ্গে তিনি জামায়াতে ইসলামীর তৎকালীন নেতৃত্বের বক্তব্যের কথাও উল্লেখ করেন। মির্জা ফখরুল বলেন, সময় এসেছে নিজেদের অবস্থান স্পষ্ট করার এবং বাংলাদেশের স্বাধীনতা প্রশ্নে দৃষ্টিভঙ্গি পরিষ্কার করার।
তিনি আরও বলেন, একাত্তরের ভূমিকা স্বীকার করলে রাজনৈতিক অঙ্গনে তাদের অবস্থান আরও সহজ হতে পারত।
এ সময় তরুণদের দল হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কার্যক্রমের প্রশংসা করে মির্জা ফখরুল বলেন, দলটি ভালো করছে। তবে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, তারা এমন একটি রাজনৈতিক শক্তির সঙ্গে যুক্ত হয়েছে, যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। তিনি আশা প্রকাশ করেন, তারা ভবিষ্যতে তাদের রাজনৈতিক অবস্থান আরও স্পষ্ট করবে।
দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ বারবার আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে এগিয়েছে—ভাষা আন্দোলন, স্বাধীনতা যুদ্ধ এবং গণতন্ত্রের সংগ্রাম তার অংশ।
তিনি বলেন, স্বাধীনতার ৫০ বছর পরও কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জিত হয়নি। দীর্ঘদিনের শাসনব্যবস্থার কারণে দেশ নানা সংকটে পড়েছে। তিনি আরও বলেন, বিগত ১৫ বছর একটি ফ্যাসিবাদী শাসনের মধ্যে দেশ পরিচালিত হয়েছে, যেখানে জনগণের স্বপ্ন ক্ষতিগ্রস্ত হয়েছে।
জুলাই অভ্যুত্থানের পর নতুন আশার কথা উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনের পর সরকার ক্ষমতায় এসে অর্থনীতিকে পুনর্গঠনের চেষ্টা করছে এবং এবারের বাজেট সেই প্রচেষ্টারই অংশ।


