সারাদেশ

অতীত–বর্তমান সব সময়ের দুর্নীতির অভিযোগ তদন্তের আওতায় আনতে চায় সরকার: তথ্য উপদেষ্টা

ডেস্ক নিউজ। ঢাকা, ৩০ জুন:

সরকার অতীত ও বর্তমান—সব সময়ের দুর্নীতির অভিযোগ সমানভাবে তদন্তের আওতায় আনতে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সম্প্রতি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রকাশিত সেবাখাতে প্রায় ১২ হাজার কোটি টাকার দুর্নীতির হিসাব সম্পর্কে সরকারের অবস্থান জানতে চাইলে তথ্য উপদেষ্টা বলেন, দুর্নীতির দায় কেবল রাজনৈতিক সরকারের নয়; রাষ্ট্রের স্থায়ী কাঠামোর অংশ হিসেবে প্রজাতন্ত্রের কর্মচারীদেরও দায় রয়েছে।
তিনি বলেন, সরকার পরিচালনায় রাজনৈতিক নেতৃত্ব ও প্রশাসন—উভয় পক্ষই যুক্ত থাকে। সেবা খাতে যে দুর্নীতির চিত্র উঠে এসেছে, তা দীর্ঘদিন ধরে গড়ে ওঠা একটি প্রাতিষ্ঠানিক সমস্যা।
ডা. জাহেদ উর রহমান বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দুর্নীতি পুরোপুরি বন্ধ হয়ে গেছে—এমন দাবি করা হচ্ছে না। তবে দুর্নীতি ধীরে ধীরে কমিয়ে আনতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁর আশা, আগামী বছরের টিআইবির প্রতিবেদনে দুর্নীতির মাত্রা কমে আসার প্রতিফলন দেখা যাবে।
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা নিজেরা ওই ১২ হাজার কোটি টাকার দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন—এমন দাবি সঠিক নয়। তবে মাঠপর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠানে ঘুষ ও অনিয়মের সংস্কৃতি এখনো রয়েছে, যা দূর করতে সরকার কাজ করছে।
অন্তর্বর্তী সরকারের সময়কার দুর্নীতির অভিযোগ তদন্তের বিষয়ে এক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, দুর্নীতি একটি ফৌজদারি অপরাধ এবং এর কোনো তামাদি নেই। ফলে যেকোনো সময় এ ধরনের অভিযোগ তদন্ত করা সম্ভব।
তিনি বলেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান। অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা, আগের আওয়ামী লীগ সরকারের কোনো ব্যক্তি কিংবা বর্তমান সরকারের কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ এলে দুদকের উচিত স্বাধীনভাবে তদন্ত করা। এ ধরনের তদন্তে সরকার কোনো বাধা দেবে না; বরং কমিশনের স্বাধীন কার্যক্রমকে উৎসাহিত করবে।
ডা. জাহেদ উর রহমান বলেন, দুদকের দায়িত্ব হলো নিরপেক্ষভাবে অভিযোগ যাচাই করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button