জাতীয়

শিবির কি ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়? রাশেদ খাঁনের প্রশ্ন

অনলাইন নিউজ ডেস্ক

বিএনপি নেতা রাশেদ খাঁন প্রশ্ন তুলেছেন, ছাত্রশিবির কি এখন শেখ মুজিবুর রহমানের পরিবর্তে শহীদ ওসমান হাদিকে ‘জাতির পিতা’ হিসেবে প্রতিষ্ঠা করতে চায়? তার মতে, শেখ মুজিবুর রহমানকে খাটো করার প্রচেষ্টায় উল্টো তাকে আরও প্রাসঙ্গিক করে তোলা হচ্ছে, আর এতে ওসমান হাদির ভাবমূর্তি হালকা হয়ে যাচ্ছে।

মঙ্গলবার (৩০ জুন) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।

পোস্টে রাশেদ খাঁন লেখেন, সাদিক কায়েম ও এস এম ফরহাদ যখন ক্যাম্পাসে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়েছিলেন, তখনও শেখ মুজিবুর রহমানকে তারা ফ্যাসিবাদের প্রতীক বলেই জানতেন। তার প্রশ্ন, যদি এমনটাই হয়ে থাকে, তবে কেন তার নামে স্লোগান দেওয়া হয়েছিল?

তিনি আরও প্রশ্ন তোলেন, এখন কেন শেখ মুজিবুর রহমানের নামে থাকা হলের নাম পরিবর্তনের দাবিতে আন্দোলন করছেন শিবির নেতারা? তার ভাষায়, গণঅভ্যুত্থানের সময় কি শেখ মুজিবুর রহমান জীবিত হয়ে ফিরে এসে সাদিক কায়েম বা এস এম ফরহাদের কোনো ক্ষতি করেছিলেন?

রাশেদ খাঁন আরও বলেন, এস এম ফরহাদ যখন ছাত্রলীগের কমিটিতে যুক্ত হয়েছিলেন, তখন নিশ্চয়ই শেখ মুজিবুর রহমানের আদর্শের সঙ্গেই নিজেকে সম্পৃক্ত করেছিলেন। তাহলে গণঅভ্যুত্থানের পর এমন কী পরিবর্তন ঘটল যে, তিনি এখন শেখ মুজিবুর রহমানের নামে থাকা প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের উদ্যোগের অন্যতম মুখ হয়ে উঠতে চাইছেন—এ প্রশ্নও তোলেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button