

ঢাকা, ১ জুলাই ২০২৬:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম বলেছেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্বের একমাত্র প্রতিষ্ঠান, যা একটি দেশের জন্ম দিয়েছে।’ তিনি বলেন, দেশের ইতিহাস, গণতন্ত্র ও স্বাধীনতার সংগ্রামে বিশ্ববিদ্যালয়টির অবদান অনন্য।
আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র্যালি শেষে তিনি এসব কথা বলেন।
উপাচার্য বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু উচ্চশিক্ষার একটি প্রতিষ্ঠান নয়, বরং জাতির ইতিহাস ও রাষ্ট্রগঠনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বিশ্ববিদ্যালয়কে বিশ্বের প্রথম সারির উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও প্রাক্তন শিক্ষার্থীদের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, দেশ পরিচালনা ও রাষ্ট্র গঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যায়ে নেতৃত্ব দেওয়া ব্যক্তিদের বড় একটি অংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশেও এ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা কৃতিত্বের সঙ্গে অবদান রেখে চলেছেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন ডাকসুর সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমও। তিনি বলেন, ‘২৪-এর গণঅভ্যুত্থানের পর সবচেয়ে বড় অর্জন হলো, এখন ক্যাম্পাসে সব ছাত্রসংগঠন সমানভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার সুযোগ পাচ্ছে। পাশাপাশি ক্যাম্পাসে নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।’
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেন।



