সারাদেশ

ইয়াবা সেবনের আসরে যুবককে গুলি করে হত্যা

অনলাইন নিউজ ডেস্ক

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার মুরাদপুর ফরেস্ট গেট এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে গুলিবিদ্ধ হয়ে আজাদ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১ জুলাই) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আজাদ পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকার হাকিম শাহ হুজুরের বাড়ির বাসিন্দা মো. রশীদের ছেলে। তিনি একটি অ্যালুমিনিয়াম কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, ঘটনার সময় আজাদ তার দুই বন্ধুর সঙ্গে পরিত্যক্ত বাড়িতে ছিলেন। পরে গুলিবিদ্ধ অবস্থায় তার এক বন্ধু তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম জানান, হাসপাতালে আজাদকে নিয়ে যাওয়া তার বন্ধু ইসহাক ওরফে ইসাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, তারা ওই পরিত্যক্ত বাড়িতে ইয়াবা সেবন করছিলেন। এ সময় অজ্ঞাত এক ব্যক্তি আজাদকে গুলি করে বলে তিনি দাবি করেছেন।

ওসি আরও জানান, নিহতের বুকের ডান পাশে গুলিবিদ্ধ হওয়ার চিহ্ন পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রাথমিকভাবে পাওয়া তথ্য যাচাই-বাছাই করছে। ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button