সারাদেশ

মাদারীপুরে ১ কোটি সাড়ে ১৯ লাখ টাকার নকল সিগারেট জব্দ

অনলাইন নিউজ ডেস্ক

মাদারীপুর সদর উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করেছে পুলিশ। এ সময় একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

বুধবার (১ জুলাই) বিকেলে মাদারীপুর সদর মডেল থানায় আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা এ তথ্য জানান। ব্রিফিংয়ে ভ্যাট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।

পুলিশ জানায়, বুধবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার একটি বিশেষ মোবাইল টিম সদর উপজেলার মোবারকদি এলাকায় অবস্থান নেয়। এ সময় ভৈরব থেকে মাদারীপুরগামী একটি সন্দেহভাজন কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে ১১০ কার্টনে রাখা বিভিন্ন ব্র্যান্ডের প্রায় ১১ লাখ শলাকা নকল সিগারেট জব্দ করা হয়।

পুলিশের দাবি, জব্দ করা সিগারেটগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৬৬ লাখ টাকা। এছাড়া এসব সিগারেটের প্যাকেটে জাল ব্যান্ডরোল ব্যবহার করে প্রায় সাড়ে ৫৩ লাখ টাকার সরকারি রাজস্ব ফাঁকির চেষ্টা করা হচ্ছিল। সব মিলিয়ে জব্দ করা পণ্য ও সম্ভাব্য রাজস্ব ফাঁকির পরিমাণ প্রায় ১ কোটি ১৯ লাখ ৫০ হাজার টাকা।

এ ঘটনায় কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে এবং জালিয়াতির অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন—মাদারীপুর সদর উপজেলার দক্ষিণ ব্রাহ্মণদী গ্রামের মো. আতাহার মিয়া (৬৫), কাভার্ড ভ্যানচালক কিশোরগঞ্জের বাসিন্দা মো. নাদিম মিয়া এবং রাজশাহীর বাসিন্দা মো. সোহেল রানা (৪৫)।

অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ এবং চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মাদারীপুর সদর মডেল থানায় মামলা করা হয়েছে। এ চক্রের মূল হোতা ও এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button