

অনলাইন নিউজ ডেস্ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমার একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। রহস্যময় ও ব্যঙ্গাত্মক ভাষায় দেওয়া ওই পোস্টে তিনি ‘জুলাইযোদ্ধা সার্টিফিকেট’ দেওয়ার কথা উল্লেখ করেন।
বুধবার (১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে উমামা ফাতেমা লেখেন, “জুলাইয়ের এই এক মাস জুলাই সবার থাকবে, ঠিকাছে?”
এরপর তিনি লেখেন, “১ মাস পর থেকে জুলাই আমার সম্পত্তি। আমি সবাইকে জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা। ভোট করার সময় সার্টিফিকেট প্রাপ্তদের সঙ্গে জোট করব। দারুণ সব টাইটেল হবে, লেটস সে—‘জুলাইয়ের ফিনিক্স পাখি’, ‘জুলাইয়ের আবাবিল পাখি’, ‘জুলাইয়ের ইমাম’, ‘জুলাইয়ের মাস্টারমাইন্ড’।”
পোস্টের শেষাংশে তিনি লেখেন, “কেমন লাগল আইডিয়াটা?”
তবে পোস্টে তিনি কাকে উদ্দেশ করে এ মন্তব্য করেছেন বা এর পেছনে কী প্রেক্ষাপট রয়েছে, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি।
পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। কেউ এটিকে সমসাময়িক রাজনৈতিক বাস্তবতার প্রতি ব্যঙ্গাত্মক মন্তব্য হিসেবে ব্যাখ্যা করছেন, আবার কেউ এর সম্ভাব্য ইঙ্গিত নিয়ে নানা মতামত প্রকাশ করছেন। তবে পোস্টটির উদ্দেশ্য বা অর্থ সম্পর্কে উমামা ফাতেমা আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা দেননি।



