সারাদেশ

আর্জেন্টিনা সমর্থককে ছুরিকাঘাতে হত্যার পর মরদেহ বালুচাপা ব্রাজিল সমর্থকদের

অনলাইন নিউজ ডেস্ক

সাভারের আশুলিয়ায় ব্রাজিল–জাপান ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সমর্থকদের মধ্যে বিরোধের জেরে নাহিদ হাসান (১৫) নামে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করে মরদেহ বালুচরে চাপা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনকে আসামি করে আশুলিয়া থানায় মামলা করেছে নিহতের পরিবার।

বুধবার (১ জুলাই) রাতে নিহতের স্বজনরা অভিযুক্ত হামজাকে আশুলিয়া থানায় নিয়ে যান। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত প্রায় ১২টার দিকে আশুলিয়ার সাধুপাড়া এলাকার গরুর হাটসংলগ্ন বালুচর খুঁড়ে নাহিদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত নাহিদ হাসান লালমনিরহাটের বড়বাড়ী–পঞ্চগ্রাম এলাকার মোস্তাকের ছেলে। পরিবারের সঙ্গে আশুলিয়ার সাধুপাড়ায় বেড়াতে এসে তিনি এ ঘটনার শিকার হন।

নিহতের পরিবারের অভিযোগ, ফুটবল খেলা নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে আর্জেন্টিনা-সমর্থক নাহিদকে কৌশলে ডেকে নিয়ে যান ব্রাজিল-সমর্থক হামজা, রাকিব, মেহেদী ও সিয়াম। পরে তাকে ছুরিকাঘাতে হত্যা করে মরদেহ গুমের উদ্দেশ্যে বালুর নিচে চাপা দিয়ে তারা পালিয়ে যায়।

নিহতের বাবা মোস্তাক বলেন, “আমার ছেলেকে বাসা থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক ও কঠোর শাস্তি চাই।”

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ফুটবল সমর্থকদের মধ্যে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযুক্ত হামজার দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button