জাতীয়

ত্রিশালে নজরুল সিটি ঘোষণার সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

অনলাইন নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ময়মনসিংহের ত্রিশালকে ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সিটি’ হিসেবে ঘোষণার সম্ভাব্যতা যাচাই করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, কাজী নজরুল ইসলাম এ ভূখণ্ডে জন্মগ্রহণ না করলেও তার হৃদয়জুড়ে ছিল বাংলাদেশ, আর বাংলাদেশের মানুষও তাকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় ধারণ করেছে।

বৃহস্পতিবার (২ জুলাই) সচিবালয়ে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে আয়োজিত সভা এবং বর্ষব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, মাতৃভূমির প্রতি ভালোবাসার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন জাতীয় কবি। দেশের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তার সাহিত্য ও সংগীত মানুষকে অনুপ্রাণিত করেছে। ভবিষ্যৎ প্রজন্মের কাছেও নজরুলের চিন্তা-চেতনা সমানভাবে প্রাসঙ্গিক।

তিনি আরও বলেন, বর্তমান প্রযুক্তিনির্ভর বাস্তবতায় নজরুলের ‘আমি হবো সকাল বেলার পাখি’ কিংবা ‘থাকবো নাকো বদ্ধ ঘরে’—এর মতো সৃষ্টিগুলো নতুন প্রজন্মের জন্য আশা ও প্রেরণার উৎস হতে পারে।

নজরুল বর্ষের অনুষ্ঠানগুলো আরও অন্তর্ভুক্তিমূলক করার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, বিভাগীয় কমিশনার ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের পাশাপাশি নজরুল-গবেষক, সাহিত্যিক এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের নামও আমন্ত্রণপত্রে অন্তর্ভুক্ত করা উচিত ছিল।

তিনি বলেন, অপশক্তি বিভেদ সৃষ্টির চেষ্টা করলেও বাঙালির চিরায়ত ঐতিহ্য হলো ঐক্য। সরকার শুধু মানুষের নয়, সব প্রাণীর নিরাপত্তা নিশ্চিত করতেও বদ্ধপরিকর। এ লক্ষ্যে সবার সহযোগিতা প্রয়োজন।

এর আগে, ২১ জুন সরকার এক প্রজ্ঞাপনের মাধ্যমে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে। ঘোষণাটি চলতি বছরের ২৫ মে থেকে কার্যকর হয়েছে এবং আগামী বছরের ২৫ মে পর্যন্ত বলবৎ থাকবে।

গত ২৫ মে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবির ১২৭তম জন্মজয়ন্তী উদ্‌যাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ২০২৬ সালের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত এক বছরকে ‘নজরুল বর্ষ’ হিসেবে পালনের ঘোষণা দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button