

৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার দাবি সারজিসের
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, কোনো ধরনের টালবাহানা ছাড়াই আগামী ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর জনসাধারণের জন্য খুলে দিতে হবে। একই সঙ্গে তিনি বিএনপির কথার সঙ্গে কাজের মিল দেখতে চান বলেও মন্তব্য করেছেন।
রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সারজিস আলম লিখেছেন, ‘কোনো প্রকার টালবাহানা ছাড়া ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দিতে হবে। বিএনপির কথার সঙ্গে কাজের মিল দেখতে চাই।’
এর আগে গত বুধবার রাজধানীর রায়েরবাজারে চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদদের গণকবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি আগামী ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার আহ্বান জানান এবং নির্ধারিত সময়ের মধ্যে তা না হলে জনগণ নিজেরাই সেখানে প্রবেশ করবে বলে হুঁশিয়ারি দেন।
গত বৃহস্পতিবার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সংবাদ সম্মেলন করে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স ও শহীদ পরিবারের সদস্যরা দ্রুত জাদুঘর চালুর দাবি জানান। তাদের অভিযোগ, আমলাতান্ত্রিক জটিলতার কারণে জাদুঘরের উদ্বোধন বিলম্বিত হচ্ছে এবং নিয়োগবিধি পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে, যা তারা ‘ষড়যন্ত্র’ হিসেবে দেখছেন।
সংগঠনটির মুখপাত্র সাবরিনা আফরোজ সেবন্তি বলেন, সংসদে পাস হওয়া আইন অনুযায়ী যোগ্যতার ভিত্তিতে নিয়োগ সম্পন্ন করতে হবে এবং যারা জাদুঘর নির্মাণ ও পরিকল্পনায় কাজ করেছেন, তাদের সম্পৃক্ত রাখতে হবে। তিনি আশঙ্কা প্রকাশ করেন, প্রশাসনিক অসহযোগিতা ও কাঠামোগত জটিলতার মাধ্যমে জাদুঘরকে অকার্যকর করার চেষ্টা চলছে।
উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের সময় একাধিকবার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের ঘোষণা দেওয়া হলেও তা এখনো জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়নি।



