জাতীয়

মাদক ব্যবসায়ীদের পরিবার সংসদে যায়, বাহকরাই কেবল ধরা পড়ে : রুমিন ফারহানা

অনলাইন নিউজ ডেস্ক

মাদক মামলায় শুধু বাহকরা বারবার গ্রেপ্তার হলেও মূল মাদক ব্যবসায়ীরা আইনের আওতার বাইরে থেকে যাচ্ছে বলে অভিযোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।

তিনি দাবি করেন, মাদক ব্যবসার সঙ্গে জড়িত প্রভাবশালী ব্যক্তিরা অনেক সময় ধরাছোঁয়ার বাইরে থাকেন এবং তাদের পরিবারের সদস্যরাও বিভিন্ন গুরুত্বপূর্ণ অবস্থানে থাকেন।

সোমবার (১৩ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংশোধন বিল ২০২৬’ পাসের আগে বিলটির ওপর জনমত যাচাই-বাছাইয়ের প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

রুমিন ফারহানা বলেন, বিভিন্ন সরকারি প্রতিবেদনে মাদক ব্যবসার সঙ্গে জড়িত হিসেবে যাদের নাম উঠে আসে, তাদের অনেকেই প্রভাবশালী অবস্থানে রয়েছেন। সীমান্তপথে মাদক প্রবেশের পেছনে থাকা মূল হোতাদের আইনের আওতায় না আনলে শুধু কঠোর আইন করে পরিস্থিতির উন্নতি সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, মাদক নিয়ন্ত্রণে কঠোর শাস্তির বিধান থাকা সত্ত্বেও বিপুল পরিমাণ মাদক উদ্ধার হচ্ছে। কিন্তু বড় পরিসরের কারবারিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বলে তিনি অভিযোগ করেন।

এর আগে গত ২৭ জুন ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে মাদক চোরাচালান ও দমন কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিএনপির সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, মাদক নিয়ন্ত্রণে শুধু আইন থাকলেই হবে না, তা বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছা ও কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, মাদকাসক্তি বর্তমানে দেশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সীমান্ত দিয়ে মাদক প্রবেশ বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button