জাতীয়

স্কুলছাত্রী-যুবককে গাছে বেঁধে নির্যাতন, বিএনপি নেতা আটক

অনলাইন নিউজ ডেস্ক

গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রেমের সম্পর্কের অভিযোগে এক স্কুলছাত্রী ও এক যুবককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে নয়ন গোলদার (৪৫) নামে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২ আগস্ট) ভোরে গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নয়ন গোলদার কাশিয়ানী উপজেলার হাতিয়াড়া ইউনিয়নের রাহুথড় গ্রামের বাসিন্দা এবং হাতিয়াড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহফুজুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গত ২৮ জুলাই কাশিয়ানী উপজেলার রাহুথড় উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রেমের সম্পর্কের অভিযোগ তুলে এক স্কুলছাত্রী ও এক যুবককে গাছের সঙ্গে বেঁধে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয় বলে অভিযোগ রয়েছে। এ সময় ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হলে তা ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

এ ঘটনার পর অপমান ও মানসিক আঘাত সহ্য করতে না পেরে অষ্টম শ্রেণির ওই শিক্ষার্থী বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ ওঠে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে বর্তমানে তিনি বাড়িতে রয়েছেন।

ওসি মাহফুজুর রহমান জানান, গ্রেপ্তার হওয়া নয়ন গোলদারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একই সঙ্গে ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়াও চলছে বলে তিনি জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button