

অনলাইন নিউজ ডেস্ক
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছেন, রাষ্ট্র ও ক্ষমতাসীনদের জবাবদিহির আওতায় রাখা এবং তাদের কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলাই সাংবাদিকতার প্রধান দায়িত্ব। এর মাধ্যমে গণতন্ত্র সুসংহত হয়, জনগণের অধিকার সুরক্ষিত থাকে এবং সমাজে স্বচ্ছতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা পালন করে গণমাধ্যম।
রোববার (২ আগস্ট) গাজীপুর জেলা প্রশাসন ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কাদের গনি চৌধুরী বলেন, সত্য প্রকাশের সাহসই সাংবাদিকতার মূল শক্তি। গণমাধ্যমকে হতে হবে সৎ, বস্তুনিষ্ঠ ও পক্ষপাতহীন। তবে দেশে দলীয়করণ, অপসাংবাদিকতা, হলুদ সাংবাদিকতা এবং তথ্যসন্ত্রাসের কারণে সাংবাদিকতার ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। তিনি বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রশ্নে কোনো ধরনের আপস গ্রহণযোগ্য নয়।
তিনি আরও বলেন, একটি আদর্শ গণমাধ্যম কোনো রাজনৈতিক দল, সরকার, গোষ্ঠী, বিদেশি রাষ্ট্র বা সংস্থার কাছে দায়বদ্ধ নয়; গণমাধ্যমের একমাত্র দায়বদ্ধতা দেশের জনগণের প্রতি। তাঁর ভাষায়, “গণমাধ্যমের পরাজয় মানে জনগণের পরাজয়, আর জনগণের পরাজয় মানে রাষ্ট্রের পরাজয়।”
বিএফইউজের মহাসচিব বলেন, বাংলাদেশের গণমাধ্যম দীর্ঘদিন ধরে নানা ধরনের সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। অতীতে গণমাধ্যমের একটি অংশ জনগণের পরিবর্তে ক্ষমতাসীনদের প্রতি অনুগত ভূমিকা পালন করায় জনগণের সঙ্গে গণমাধ্যমের দূরত্ব সৃষ্টি হয়েছে। এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে জনগণের স্বার্থে স্বাধীন, দায়িত্বশীল ও জবাবদিহিমূলক সাংবাদিকতা চর্চার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, বাসসের ব্যবস্থাপনা পরিচালক কামাল উদ্দিন সবুজ, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম বক্তব্য দেন।



