জাতীয়

জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব এককভাবে কারও নয়: রিজভী

অনলাইন নিউজ ডেস্ক

জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব কোনো একক ব্যক্তি বা দলের নয়; এটি রাজনৈতিক দল, ছাত্র-জনতা এবং সাধারণ মানুষের সম্মিলিত আন্দোলনের ফল বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (৩ আগস্ট) দুপুরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-এ ‘জুলাইয়ে নার্সদের অবদান’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, শেখ হাসিনার সরকারের পতন না হলে এবং জুলাই আন্দোলন ব্যর্থ হলে আন্দোলনে সম্পৃক্ত অনেক নেতাকর্মীকে কঠিন পরিণতির মুখোমুখি হতে হতো। তার ভাষ্য অনুযায়ী, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতার চূড়ান্ত প্রকাশ ছিল জুলাই গণঅভ্যুত্থান।

তিনি আরও দাবি করেন, ঐতিহাসিক গুরুত্বের দিক থেকে জুলাই বিপ্লব কোনো অংশে প্যারিস বিপ্লবের চেয়ে কম নয়।

এনসিপি নেতাদের উদ্দেশে রুহুল কবির রিজভী বলেন, তাদের শেখ হাসিনার রাজনৈতিক সংস্কৃতি অনুসরণ করা উচিত নয়। রাজনৈতিক সংস্কৃতির উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, দীর্ঘ সময় ধরে নানা ধরনের জুলুম-নির্যাতনের মুখোমুখি হলেও বিএনপি শালীন রাজনৈতিক ভাষা বজায় রাখার চেষ্টা করেছে।

অনুষ্ঠানে উপস্থিত প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেন, এনসিপি জামায়াতের চিন্তাধারার প্রভাবে পরিচালিত হচ্ছে। তিনি আরও মন্তব্য করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে জনসমর্থন তৈরি করা সম্ভব হলেও শুধু ফেসবুকনির্ভর রাজনীতির মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করা যায় না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button