

অনলাইন নিউজ ডেস্ক
চট্টগ্রাম নগরসহ সারা দেশে চলমান গ্যাস সংকট দ্রুত নিরসন, আবাসিক ও শিল্পখাতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত এবং এলপিজি ও অটোগ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগর শাখা।
সোমবার (৩ আগস্ট) এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলাম এবং সেক্রেটারি মুহাম্মদ নুরুল আমিন।
বিবৃতিতে নেতারা বলেন, দীর্ঘদিন ধরে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ ও অনিয়মিত সরবরাহের কারণে জনজীবনে ব্যাপক ভোগান্তি সৃষ্টি হয়েছে। বিশেষ করে সকাল ও সন্ধ্যায় গ্যাস না থাকায় কর্মজীবী মানুষ, শিক্ষার্থী, নারী ও শিশুদের দৈনন্দিন জীবন ব্যাহত হচ্ছে। একই সঙ্গে শিল্পকারখানা, সিএনজি স্টেশন, হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন খাতও এ সংকটের প্রভাব মোকাবিলা করছে, যা শিল্প উৎপাদন, ব্যবসা-বাণিজ্য ও সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে বলে তারা উল্লেখ করেন।
তাদের দাবি, নিয়মিত বিল পরিশোধ করেও গ্রাহকেরা নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ পাচ্ছেন না। ফলে অনেক পরিবার বিকল্প জ্বালানির ওপর নির্ভর করতে বাধ্য হচ্ছে। এমন পরিস্থিতিতে এলপিজি ও অটোগ্যাসের মূল্য বৃদ্ধি জনসাধারণের দুর্ভোগ আরও বাড়াবে বলে তারা মন্তব্য করেন।
বিবৃতিতে এলপিজি ও অটোগ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তকে জনস্বার্থবিরোধী ও অযৌক্তিক আখ্যা দিয়ে তা অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানানো হয়। নেতারা বলেন, এলপিজির দাম বাড়লে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ব্যয় আরও বৃদ্ধি পাবে। পাশাপাশি অটোগ্যাসের মূল্য বৃদ্ধির ফলে পরিবহন ব্যয় বাড়বে, যার প্রভাব নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামেও পড়তে পারে।
তারা আরও বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি সংকট এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে সাধারণ মানুষ যখন চাপে রয়েছে, তখন গ্যাস সংকট সমাধানের পরিবর্তে এলপিজি ও অটোগ্যাসের দাম বৃদ্ধি গ্রহণযোগ্য নয়। সরকারের প্রতি এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে প্রত্যাহারের আহ্বান জানান তারা।
বিবৃতিতে গ্যাস সরবরাহ, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার বিদ্যমান সমস্যাগুলো দ্রুত চিহ্নিত করে প্রয়োজনীয় সংস্কার ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া, গ্যাসের অপচয়, অবৈধ সংযোগ ও সিস্টেম লস রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং আবাসিক, বাণিজ্যিক ও শিল্পখাতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণেরও আহ্বান জানানো হয়।



