

অনলাইন নিউজ ডেস্ক
দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আবারও দখল ও আধিপত্য বিস্তারের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। তিনি দাবি করেছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি প্রতিষ্ঠানে ছাত্রদল ও তাদের সহযোগীরা হামলা ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে।
মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানীর আফতাবনগরের সিরাজ কনভেনশন সেন্টারে জাতীয় ছাত্রশক্তির সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত ‘ফ্রম রেজিস্ট্যান্স টু ভিক্টরি: লেগ্যাসি অব জুলাই’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আবারও সন্ত্রাসের অভয়ারণ্য করা হচ্ছে। হল দখলের চেষ্টা চলছে এবং ক্যাম্পাস নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারের পরিস্থিতি তৈরি হচ্ছে।”
তিনি অভিযোগ করেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদ প্রতিনিধি ও ছাত্রশক্তির নেতাদের ওপর হামলা হয়েছে। পাশাপাশি ঢাকা কলেজ, ঢাকা আলিয়া মাদরাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা চলছে বলেও দাবি করেন তিনি।
সরকারের উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সংঘাতে না জড়ানোর আহ্বান জানান তিনি। শিক্ষার্থীদের নির্বিঘ্নে পড়াশোনার পরিবেশ নিশ্চিত করা, শিক্ষাপ্রতিষ্ঠানে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা এবং কর্মসংস্থানের সুযোগ তৈরির ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি বলেন, কোনো সরকার যদি ক্ষমতায় থেকে সবকিছু নিয়ন্ত্রণ ও দখলে নেওয়ার চেষ্টা করে, তার পরিণতি ভালো হয় না। এ প্রসঙ্গে তিনি শেখ হাসিনা সরকারের পতনের বিষয়টি উল্লেখ করেন।
জুলাই গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকার কথা তুলে ধরে এনসিপি আহ্বায়ক বলেন, আন্দোলনে তাদের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। তিনি এই অবদান সংরক্ষণ ও যথাযথভাবে নথিভুক্ত করার প্রয়োজনীয়তার কথা বলেন।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, রাজনৈতিক পরিষদের সদস্য আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্য সচিব রাফে সালমান রিফাত, জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বকর মজুমদারসহ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের নেতারা।



