শেখ হাসিনাকে নয়াদিল্লিতে গণমাধ্যমের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ দেয়ায় তী-ব্র ক্ষো-ভ প্রকাশ করেছে বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি


অনলাইন নিউজ ডেস্ক
গণহত্যার দায়ে দণ্ডপ্রাপ্ত ও পলাতক শেখ হাসিনাকে ভারতের নয়াদিল্লিতে গণমাধ্যমের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ দেওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার।
বুধবার (৫ আগস্ট) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, সার্বভৌম সমতা, পারস্পরিক শ্রদ্ধা, একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং জাতীয় মর্যাদার ভিত্তিতে ভারতের সঙ্গে একটি গঠনমূলক, পারস্পরিকভাবে লাভজনক ও ভবিষ্যতমুখী সম্পর্ক বজায় রাখতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ২০১৩ সালে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তির আওতায় দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার জন্য ভারত সরকারের কাছে একাধিকবার অনুরোধ জানানো হলেও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।
বিবৃতিতে আরও বলা হয়, এমন পরিস্থিতিতে যেকোনো অজুহাতে শেখ হাসিনাকে গণমাধ্যমের সামনে প্রকাশ্যে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া বাংলাদেশের জনগণের অনুভূতিতে আঘাত করেছে। একই সঙ্গে এ ধরনের পদক্ষেপ বাংলাদেশ-ভারতের সৌহার্দ্যপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নের জন্যও ক্ষতিকর বলে উল্লেখ করা হয়।



