

অনলাইন নিউজ ডেস্ক
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নে ফ্যামিলি কার্ডের শুমারি ও ফলাফল তৈরিতে অনিয়মের অভিযোগ তুলে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে তালা দিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা।
বুধবার (১২ আগস্ট) সন্ধ্যার পর কুড়ুলগাছি ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় থানা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ও ছাত্রদল নেতা মো. আল-আমীন হোসেন, শামীম হোসেন, খোকন মিয়া, তুষার হোসেন, শাহীন আলম, মিরাজ হোসেন, আব্দুর রহিম, ওমর আলী ও উৎসব হোসেনসহ বেশ কয়েকজন উপস্থিত ছিলেন।
ছাত্রদল নেতা মো. আল-আমীন হোসেন অভিযোগ করে বলেন, কুড়ুলগাছি ইউনিয়নে ফ্যামিলি কার্ডের শুমারিতে বাণিজ্য ও আত্মীয়করণ করা হয়েছে।
অপর ছাত্রদল নেতা শামীম হোসেনের অভিযোগ, দলের ত্যাগী নেতাকর্মীদের ফ্যামিলি কার্ডের শুমারিতে অন্তর্ভুক্ত করা হয়নি। তার দাবি, টাকা লেনদেনের মাধ্যমে লোক নির্বাচন করা হয়েছে।
ছাত্রদলের নেতাকর্মীরা অভিযোগ করেন, ফ্যামিলি কার্ডের শুমারি ও ফলাফল তৈরির প্রক্রিয়ায় নানা ধরনের অনিয়ম হয়েছে। এসব অভিযোগের প্রতিবাদে তারা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে তালা দেন।
তবে ফ্যামিলি কার্ডের শুমারিতে অনিয়মের অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা বিএনপির স্থানীয় নেতাদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।



