সারাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবক্সে ‘খোলা চিঠি’, শেখ হাসিনার দেশে ফেরার আকুতি

অনলাইন নিউজ ডেস্ক

দীর্ঘ ৩৪ দিন পর সিলেটের ঐতিহ্যবাহী হযরত শাহজালাল (র.)-এর মাজারের দানবাক্স খোলা হলে নগদ অর্থ ও সোনার অলঙ্কারের পাশাপাশি পাওয়া গেছে হাতে লেখা একটি ‘খোলা চিঠি’। চিঠিতে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশে ফিরে আসার জন্য দোয়া কামনা করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) মাজারের দানবাক্স খোলার পর অর্থ গণনার সময় গণনাকর্মীদের নজরে আসে চিঠিটি। হাতে লেখা চিঠিটি নিয়ে মাজার প্রাঙ্গণে উপস্থিত লোকজনের মধ্যে কৌতূহল তৈরি হয়।

চিঠিতে স্রষ্টার কাছে শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে লেখা হয়েছে, “হে আল্লাহ, তুমি মহান। আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনাকে আমাদের হায়াত কমিয়ে নেত্রীর হায়াত বাড়িয়ে দেন। সুস্থতা কামনা করছি।”

চিঠির আরেক অংশে শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের নিরাপত্তার জন্য দোয়া চাওয়া হয়েছে। সেখানে ‘প্রত্যাবর্তন-২: শেখ হাসিনা প্রিয়স্বদেশ—২০২৪ ইং’ শিরোনামে বিভিন্ন রাজনৈতিক মামলা থেকে শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাকর্মীদের হেফাজতের জন্য প্রার্থনা করা হয়।

চিঠির নিচে প্রেরক হিসেবে লেখা রয়েছে—“গাজীপুর জেলা আওয়ামী লীগ সমর্থক, সিলেট।”

শাহজালাল (র.)-এর মাজারে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ভক্ত ও দর্শনার্থী আসেন। অনেকেই সেখানে নিজেদের মনের আকুতি, ইচ্ছা ও বিভিন্ন প্রার্থনা লিখে দানবাক্সে রেখে যান।

৩৪ দিন পর দানবাক্স খোলার সময় অর্থ ও অলঙ্কারের সঙ্গে রাজনৈতিক আবেগসম্পৃক্ত এই চিঠি পাওয়ার ঘটনা স্থানীয়ভাবে বেশ আলোচনার সৃষ্টি করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button