জাতীয়

তামিম বললেন ‘তানজিদ বগুড়ার’, প্রধানমন্ত্রীর জবাব ‘ও বাংলাদেশের ছেলে’

অনলাইন নিউজ ডেস্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরই মাটিতে ঐতিহাসিক টেস্ট জয় তুলে নিয়েছে বাংলাদেশ। রোববার (১৬ আগস্ট) ডারউইনে সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে স্মরণীয় এই সাফল্য অর্জন করে টাইগাররা। দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমেই এমন জয় বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস তৈরি করেছে।

টাইগারদের এই ঐতিহাসিক সাফল্যে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কিশোরগঞ্জ যাওয়ার পথে বাসে বসেই ভিডিওকলে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তসহ ক্রিকেটারদের সঙ্গে কথা বলেন তিনি।

এ সময় বিসিবি সভাপতি তামিম ইকবাল প্রধানমন্ত্রীকে দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচয় করিয়ে দেন। তানজিদ হাসানকে ‘বগুড়ার ছেলে’ হিসেবে পরিচয় করিয়ে দিয়ে তিনি জানান, তানজিদ ম্যাচে শতরান করেছেন। জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘বগুড়ার না, ও বাংলাদেশের ছেলে। সে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে, বগুড়াকে নয়।’

প্রধানমন্ত্রী বলেন, অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে তাদের ঘরের মাঠে বাংলাদেশের এই জয় দেশের ক্রিকেটের জন্য অত্যন্ত গৌরবের। খেলোয়াড়দের দৃঢ় মনোবল, আত্মবিশ্বাস, দক্ষতা এবং দলগত প্রচেষ্টার ফলেই এই অসাধারণ সাফল্য এসেছে বলে উল্লেখ করেন তিনি।

শুধু ক্রিকেটারদের নয়, দলের কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট সবাইকেও অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে পরবর্তী টেস্টেও বাংলাদেশ ভালো খেলবে এবং সিরিজ জয়ের সম্ভাবনাকে চূড়ান্ত সাফল্যে রূপ দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, এর আগে ২০১৭ সালে মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট জয় পেয়েছিল বাংলাদেশ। এবার অস্ট্রেলিয়ার মাটিতে তাদের হারিয়ে সেই সাফল্যের সঙ্গে যোগ হলো আরও একটি ঐতিহাসিক অধ্যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button