জাতীয়

জুলাই সনদ বাস্তবায়ন না করে সরকার ফ্যাসিবাদের পথেই হাঁটছে: শফিকুল ইসলাম মাসুদ

অনলাইন নিউজ ডেস্ক

জুলাই সনদ বাস্তবায়ন না করে সরকার ফ্যাসিবাদের তৈরি পুরোনো পথেই হাঁটছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

তিনি অভিযোগ করে বলেন, নির্বাচন-পরবর্তী গত ছয় মাসে বিএনপি সরকার রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে যেভাবে দলীয়করণ করেছে, তা পতিত আওয়ামী লীগকেও ছাড়িয়ে গেছে।

শুক্রবার (২১ আগস্ট) বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সবুজবাগ-মুগদা জোন আয়োজিত রুকন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শফিকুল ইসলাম মাসুদ বলেন, আওয়ামী লীগ ১৭ বছরে যে দলীয়করণ করেছে, বিএনপি সরকার ছয় মাসে তার চেয়ে কম কিছু করেনি। ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান দিয়ে ক্ষমতায় এলেও সরকার এখন ‘সবার আগে বিএনপি’ নীতিতে চলছে। রাষ্ট্রীয়, সাংবিধানিক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে শুরু করে মসজিদ-মাদ্রাসার মতো সামাজিক প্রতিষ্ঠানেও দলীয় লোকজনকে নিয়োগ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

১১-দলীয় ঐক্যের ঘোষিত লংমার্চ কর্মসূচি সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে জামায়াতের এই নেতা বলেন, সংসদে জনগণের দাবি মেনে না নিলে অধিকার আদায়ে বিরোধী দলকে রাজপথে গণতান্ত্রিক আন্দোলন আরও জোরালো করতে হবে।

তিনি বলেন, জামায়াতে ইসলামী সংসদের ভেতরে জনগণের অধিকার আদায়ের চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু গণভোটে জনগণের গণরায় মেনে সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করলে এর সমাধান রাজপথেই হবে। এ জন্য বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামী নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক উপায়ে প্রয়োজনীয় কর্মসূচি পালন করবে। জনগণের অধিকার আদায়ে অতীতের মতো দলটি আপসহীন ভূমিকা রাখবে উল্লেখ করে নেতা-কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

দেশের চলমান পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করে শফিকুল ইসলাম মাসুদ বলেন, তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলার অবনতি, সন্ত্রাস, চাঁদাবাজি, দলীয়করণ ও নৈরাজ্য চলছে। এসব দেখে দেশে কোনো সরকার আছে কি না, তা বোঝার উপায় নেই। অথচ সরকার দাবি করছে, ৬৩ শতাংশ মানুষ তাদের কর্মকাণ্ডে সন্তুষ্ট।

সরকারের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন, জনগণ সরকারের কোন কাজে সন্তুষ্ট—তার একটি উদাহরণ প্রকাশ করা হোক।

কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, মহানগরীর কর্মপরিষদ সদস্য ও সবুজবাগ-মুগদা জোন পরিচালক ড. মোবারক হোসাইনের সভাপতিত্বে এবং মহানগরীর মজলিসে শুরা সদস্য ও সবুজবাগ-মুগদা জোনের সহকারী পরিচালক মনির বিন আনোয়ারের সঞ্চালনায় রুকন সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে দারসুল কুরআন পেশ করেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মাওলানা শামসুর রহমান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button