দূর্ঘটনা

সিলেটে ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৪

অনলাইন নিউজ ডেস্ক

সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে তেলবাহী ট্রাক ও যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও কয়েকজন।

শনিবার (২২ আগস্ট) বেলা আড়াইটার দিকে উপজেলার ব্রাহ্মণগ্রাম (কসরতল) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট থেকে ঢাকাগামী তেলবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ঢ ৪৪-০৬৫৪) ব্রাহ্মণগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার (মৌলভীবাজার-থ ১১-৮৩৫৩) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই কয়েকজন হতাহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পুলিশ জানিয়েছে, গুরুতর আহত অবস্থায় পাঁচ থেকে ছয়জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা এবং হাইওয়ে পুলিশের শেরপুর থানার ওসি আনিসুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

এর আগে গত ৭ আগস্ট একই মহাসড়কের ওসমানীনগরে ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নয়জন নিহত হন। এক মাস না পেরোতেই একই মহাসড়কে আবারও প্রাণহানির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button