দূর্ঘটনা

চট্টগ্রামের বোয়ালখালীতে কনফিডেন্স লবণ কারখানায় অগ্নিকাণ্ডে দুই শ্রমিকের মৃত্যু

অনলাইন নিউজ ডেস্ক

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স লবণ কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা। নিহতরা হলেন পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের হুলাইন ২ নম্বর ওয়ার্ডের সিরাজুল ইসলামের ছেলে নুরুল আলম এবং বোয়ালখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের রুহুল আমিনের ছেলে দিদারুল আলম (৩২)। তারা দুজনই কনফিডেন্স লবণ কারখানার শ্রমিক ছিলেন।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বিষয়টি নিশ্চিত করে জানান, দুই শ্রমিক আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মোট ১০ জন শ্রমিক দগ্ধ হন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন, ছয়জন এখনও চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফ্ফর হোসেন জানান, কারখানায় কাজ করার সময় ওয়েল্ডিং মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানতে তদন্ত চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button