

অনলাইন নিউজ ডেস্ক
ফেনীর ফুলগাজী উপজেলায় মুরগিবাহী একটি পিকআপ ভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত দুজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (২৭ জুন) সন্ধ্যা ৭টার দিকে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের ফুলগাজী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ফুলগাজী উপজেলার উত্তর শ্রীপুর গ্রামের মোহাম্মদ কাওছার (২৭), ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের ওয়াহিদা আক্তার জুঁই (২০) এবং তার মা জাকিয়া আক্তার। নিহত জুঁই ও জাকিয়া সম্পর্কে মা-মেয়ে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, পরশুরাম থেকে ফেনীগামী একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মুরগিবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই কাওছার ও জুঁই নিহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা ও পুলিশ আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় জাকিয়া আক্তারের মৃত্যু হয়। আহত অন্য দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত পিকআপ ও সিএনজিটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



