

অনলাইন নিউজ ডেস্ক
রাজধানীর উত্তরায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই সাংবাদিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোর প্রায় ৪টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরা জসিমউদ্দিন বিআরটি উড়াল সড়কের ঢালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন দৈনিক সংবাদ দিগন্ত-এর স্টাফ রিপোর্টার শাকিবুল ইসলাম শাকিব এবং দৈনিক প্রাণের বাংলাদেশ-এর সিনিয়র রিপোর্টার রবিউল ইসলাম রাজু।
শাকিব ভোলার দৌলতখান উপজেলার কলেজ রোড এলাকার মৃত নুর ইসলামের ছেলে। তিনি উত্তরখানের মাজার এলাকায় বসবাস করতেন। অপরদিকে, রাজু গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া মধ্যপাড়া গ্রামের শিহাব উদ্দিন মোল্লার ছেলে এবং উত্তরার আব্দুল্লাহপুর এলাকায় থাকতেন।
প্রাথমিকভাবে জানা গেছে, রাতে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের ফুটবল ম্যাচ দেখে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন শাকিব ও রাজু। পথে উত্তরা জসিমউদ্দিন মোড় ও রাজলক্ষ্মী এলাকার মাঝামাঝি স্থানে একটি বাস তাদের মোটরসাইকেলকে চাপা দিলে তারা গুরুতর আহত হন।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ও আহতদের হাসপাতালে নেওয়া রিকশাচালক মো. সাগর (সুখেল) জানান, একটি লাল রঙের বাস মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দিয়ে চাপা দেয় এবং ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। তার দাবি, সড়কের ডান পাশে পর্যাপ্ত জায়গা থাকা সত্ত্বেও বাসটি মোটরসাইকেলটিকে আঘাত করে। তার ধারণা, বাসটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলাচলকারী একটি যাত্রীবাহী বাস।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর আহত দুইজনকে প্রথমে উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
ডিএমপির উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বলেন, সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ঘাতক বাস ও চালককে শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।



