

পবিত্র কাবা শরিফের ওপর আজ বুধবার বিরল এক জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা ঘটবে। এদিন নির্দিষ্ট সময়ে সূর্য সরাসরি কাবার ওপর অবস্থান করবে। জ্যোতির্বিজ্ঞানীদের মতে, এমন ঘটনা বছরে মাত্র দুবার ঘটে।
গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, মক্কার স্থানীয় সময় দুপুর ১২টা ২৬ মিনিট ৪৪ সেকেন্ডে সূর্য কাবার ঠিক ওপর দিয়ে অতিক্রম করবে। এ সময় সূর্য প্রায় ৯০ ডিগ্রি কোণে অবস্থান করবে।
এই মুহূর্তে সূর্য দৃশ্যমান থাকলে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ সহজেই কিবলার দিক নির্ধারণ করতে পারবেন। এজন্য সমতল স্থানে একটি খাড়া বস্তু স্থাপন করে নির্ধারিত সময়ে তার ছায়ার বিপরীত দিক অনুসরণ করলেই কিবলার দিক জানা যাবে।
প্রতিবেদনে বলা হয়েছে, মক্কা থেকে দূরের অঞ্চলে এই পদ্ধতি সবচেয়ে কার্যকর। আর জেদ্দার মতো কাছাকাছি শহরগুলোতে বিদ্যমান কিবলার দিক সঠিক কি না, তা যাচাই করতেও এটি ব্যবহার করা যায়।
জেদ্দা অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সভাপতি মাজেদ আবু জাহরা বলেন, ওই নির্দিষ্ট মুহূর্তে দিগন্তের ওপরে যেখানে সূর্য দৃশ্যমান থাকবে, সেখান থেকে সূর্য কাবার দিকেই অবস্থান করবে। ফলে যেকোনো খাড়া বস্তুর ছায়া পড়বে কিবলার ঠিক বিপরীত দিকে।
তিনি আরও বলেন, এটি সম্পূর্ণ প্রাকৃতিক একটি জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা। মক্কার অক্ষাংশের সঙ্গে সূর্যের আপাত অবস্থানের সামঞ্জস্যের কারণেই বছরে দুবার এমন ঘটনা ঘটে। কিবলার দিক নির্ধারণে জ্যোতির্বিজ্ঞানীরাও দীর্ঘদিন ধরে এ পদ্ধতি ব্যবহার করে আসছেন।



