

অনলাইন নিউজ ডেস্ক
বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও প্রতিবেশীসুলভ সম্পর্ক বজায় রাখতে চাইলে ভারতকে অবশ্যই সীমান্ত হত্যা ও পুশইন বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক হবে পারস্পরিক মূল্যায়ন, মর্যাদা এবং উভয় দেশের স্বার্থ সুরক্ষার ভিত্তিতে।
শনিবার (২২ আগস্ট) দুপুরে ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসক ও নার্সদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রাশেদ খাঁন বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময়ে ভারতের সঙ্গে বাংলাদেশের ‘স্বামী-স্ত্রীর মতো’ কিংবা ‘রাখি বাঁধার’ সম্পর্ক ছিল। তবে ভারতকে মনে রাখতে হবে, আওয়ামী লীগ এখন নেই। বাংলাদেশের নেতৃত্বে বিএনপি। তাই ভারতের উচিত বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক তৈরি করা।
তিনি আরও বলেন, ভারতের বর্তমান রাষ্ট্রদূত একজন প্রবীণ রাজনীতিবিদ। তিনি বাংলাদেশের জনগণের সঙ্গে ভারত সম্পর্ক স্থাপন করতে চায় বলে যে বক্তব্য দিয়েছেন, সেটি অত্যন্ত প্রশংসনীয়। ভারত এরই মধ্যে বিএনপির ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান গ্রহণ করেছে বলেও মন্তব্য করেন তিনি।
মতবিনিময় সভায় ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে হাসপাতালের বিভিন্ন সংকট ও সীমাবদ্ধতা নিয়ে আলোচনা হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদ, ড্যাবের কেন্দ্রীয় নেতা ডা. হাসানুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।



