

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনে ৪৮ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এই বরাদ্দ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আলোচিত স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা তার কাঙ্ক্ষিত হাঁস প্রতীক পেয়েছেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনে ১৩ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। ফলে চূড়ান্তভাবে ৪৮ জন প্রার্থী বৈধ হয়েছেন। এর মধ্যে দলীয় প্রার্থীদের দলীয় প্রতীক এবং স্বতন্ত্র প্রার্থীদের পছন্দ অনুযায়ী প্রতীক বরাদ্দ করা হয়েছে।
প্রতীক পেয়ে উচ্ছ্বসিত ব্যারিস্টার রুমিন ফারহানা সাংবাদিকদের বলেন, “আমি আমার ভোটার, কর্মী-সমর্থকদের প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। তারা আমাকে এ পর্যন্ত নিয়ে এসেছে। ছোট ছোট বাচ্চারা যখন আমাকে দেখে চিৎকার করে, ‘আমাদের হাঁস মার্কা, আমাদের হাঁস মার্কা’, তখন আমি বুঝতে পারি, এই মার্কাটা আমার ভোটারদের মার্কা, আমার মার্কা না।”
নিজের পালিত হাঁস চুরির কথা উল্লেখ করে তিনি আরও বলেন, “যখন আমার হাঁসগুলো চুরি হয়েছিল, আমি চোরকে ছেড়ে দিইনি। আমি মামলা করেছি, তাকে জেলেও পাঠিয়েছি। যদি কেউ আমার এই হাঁস (প্রতীক) চুরি করার চেষ্টা করে, আমি যথাযথ ব্যবস্থা নেব।”
তিনি বলেন, “আমি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাধারণ মানুষের প্রার্থী। ভোটাররা যদি আমাকে নির্বাচিত করেন, তাদের ইচ্ছা অনুযায়ী আমি এই আসনের উন্নয়ন করব।”



