

আর্জেন্টিনা জাতীয় দলের বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে ব্যক্তিগত বিমানে যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে পৌঁছেছেন লিওনেল মেসি ও রদ্রিগো দে পল। শিরোপা ধরে রাখার লক্ষ্যে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের বেস ক্যাম্প স্থাপন করেছে এই শহরে।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম মুন্দো আলবিসেলেস্তের তথ্য অনুযায়ী, মেসি ও দে পলই কানসাস সিটিতে পৌঁছানো সর্বশেষ দুই খেলোয়াড়। গত রবিবার সকালে দলের বাকি সদস্যরা ক্যাম্পে যোগ দেওয়ার পর ইন্টার মিয়ামির এই দুই তারকা এসে পূর্ণতা পায় আর্জেন্টিনা দলের সমাবেশ।
কানসাস সিটির বার্কলি রিভারফ্রন্ট এলাকায় অবস্থান করছে আলবিসেলেস্তেরা। দলটির অনুশীলন ও প্রস্তুতি কার্যক্রম পরিচালিত হবে শহরের অত্যাধুনিক কম্পাস মিনারেলস ন্যাশনাল পারফরম্যান্স সেন্টারে।
বিশ্বকাপ অভিযান শুরুর আগে যুক্তরাষ্ট্রে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এরপর ১৬ জুন কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।



