আন্তর্জাতিকরাজনীতিশীর্ষ সমাচারসারাদেশ

খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

অনলাইন নিউজ ডেস্ক 

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার (১ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (টুইটার)-এ একটি পোস্ট দিয়ে তিনি খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন।

নিজের বার্তায় নরেন্দ্র মোদি লিখেছেন—
“বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খবরে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। দীর্ঘদিন তিনি বাংলাদেশের জনগণের জন্য কাজ করেছেন। তার দ্রুত সুস্থতায় আমাদের আন্তরিক প্রার্থনা এবং মঙ্গল কামনা।”

তিনি আরও জানান, প্রয়োজনে ভারত যে কোনো ধরনের সহায়তা প্রদান করতে প্রস্তুত। মোদি বলেন, “তার চিকিৎসার প্রয়োজনে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা আমরা দিতে প্রস্তুত, সেটা যেভাবেই প্রয়োজন হোক।”

খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চার দিন ধরে চিকিৎসাধীন। দীর্ঘদিন ধরে তিনি লিভার, কিডনি, হৃদরোগ, ডায়াবেটিসসহ নানা জটিলতায় ভুগছেন। গত শুক্রবার থেকে তার শারীরিক অবস্থার অবনতি হলে মেডিকেল বোর্ড জরুরি ভিত্তিতে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেয়।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারা বারবার জানিয়েছেন—খালেদা জিয়ার শারীরিক অবস্থা অতিমাত্রায় সংকটাপন্ন এবং দেশের সেরা চিকিৎসকেরাও সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই বার্তা দক্ষিণ এশিয়ার রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে ঢাকা–দিল্লি সম্পর্কের বর্তমান প্রেক্ষাপটে ভারতের সর্বোচ্চ নেতৃত্বের পক্ষ থেকে এমন বার্তা তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

বিএনপি নেতারা বলছেন, খালেদা জিয়া শুধু একটি দলের নেত্রী নন—তিনি বাংলাদেশের গণতন্ত্র ও জনগণের অধিকারের প্রতীক। তার সুস্থতা আজ সমগ্র জাতির প্রত্যাশা।

মেহেদী হাসান রাতুল

বিশেষ প্রতিনিধি ( সিলেট )

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button