জাতীয়

রাশিয়ান সেনাবাহিনীর কাছে ৩০ বাংলাদেশিকে বিক্রির অভিযোগে ৩ এজেন্সির লাইসেন্স বাতিল

অনলাইন নিউজ ডেস্ক

রাশিয়ান সেনাবাহিনীর কাছে ৩০ জন বাংলাদেশি যুবককে বিক্রি করে দেওয়ার অভিযোগে অভিযুক্ত রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, অভিযোগ পাওয়া সংশ্লিষ্ট ৩ এজেন্সির ইতোমধ্যে লাইসেন্স প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবাল (২ জুন) রাজধানীর ইস্কাটন গার্ডেনে প্রবাসী কল্যাণ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

প্রবাসী কল্যাণমন্ত্রী জানান, এ ধরনের প্রতারণা ও মানবপাচারের সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না এবং সরকারের অবস্থান জিরো টলারেন্স। এবং আজকের এই ঘটনা দিয়েই আমরা তা শুরু করলাম।

তিনি বলেন, ইতোমধ্যে ইরাক থেকে ৮ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। একই সঙ্গে ইরাকে কর্মী পাঠানো একটি এজেন্সির কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে আরও কার্যকর ও আধুনিকভাবে সাজাতে হবে। দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে সময় প্রয়োজন উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, আগামী ৬ মাসের মধ্যে প্রবাসী সেবায় দৃশ্যমান পরিবর্তন আসবে।

তিনি আরও জানান, প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে একটি কেন্দ্রীয় ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে, যেখানে প্রবাসীরা ইমেইলের মাধ্যমে অভিযোগ বা নথি পাঠাতে পারবেন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো সমন্বয়ের মাধ্যমে সমাধান দেবে।

প্রবাসী কল্যাণমন্ত্রী সতর্ক করে বলেন, মন্ত্রণালয়ের ভেতরে কোনো সিন্ডিকেট বা অনিয়মের সুযোগ থাকবে না। এছাড়া, প্রবাসীদের স্বার্থ রক্ষায় কঠোর অবস্থানে থাকবে এবং প্রতিশ্রুতি অনুযায়ী সেবা নিশ্চিত করা হবে বলেও তিনি মন্তব্য করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button