জাতীয়

প্রান্তিক মানুষের জন্য সিসিইউ সেবা সম্প্রসারণের আহ্বান জানালেন ডা. জুবাইদা রহমান

অনলাইন নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বলেছেন, দেশের ৮০ থেকে ৯০ শতাংশ ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সিসিইউ) রাজধানীকেন্দ্রিক হওয়ায় প্রান্তিক জনগোষ্ঠী জরুরি চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে। তিনি বলেন, সঠিক পরিকল্পনা ও কার্যকর বাস্তবায়নের মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় সিসিইউর পরিসর বাড়ানো সম্ভব।

বুধবার (১ জুলাই) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ সোসাইটি অব ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন আয়োজিত জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. জুবাইদা রহমান বলেন, দীর্ঘদিনের অবহেলার কারণে দেশের হাসপাতালগুলোর ক্রিটিক্যাল কেয়ার ব্যবস্থা দুর্বল অবস্থায় রয়েছে। অনেক জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালে সিসিইউ না থাকায় গুরুতর অসুস্থ রোগীদের সময়মতো চিকিৎসা নিশ্চিত করা যায় না। তিনি মনে করেন, অন্তত জেলা সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে গুরুতর রোগীদের মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, দেশের চিকিৎসা ব্যবস্থার সম্প্রসারণ এবং চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। তিনি জানান, চিকিৎসকদের নিরাপত্তা জোরদারে চলতি মাস থেকেই হাসপাতালগুলোতে আনসার সদস্য মোতায়েন শুরু হবে।

সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, দেশের ৫৬ বছরের ইতিহাসে স্বাস্থ্য খাত দ্বিতীয় সর্বোচ্চ বাজেট পেয়েছে। সরকারের লক্ষ্য হলো সবার জন্য উন্নত ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।

সম্মেলনে বক্তারা দেশের ক্রিটিক্যাল কেয়ার ব্যবস্থার উন্নয়নে সরকার, চিকিৎসক এবং সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button