

ঢাকা–১১ আসনে নিজের প্রচারণার বিলবোর্ড ও ব্যানার ছেঁড়ার অভিযোগ তুলে এটিকে প্রতিদ্বন্দ্বী পক্ষের ভীতি ও বাধা সৃষ্টির চেষ্টা বলে মন্তব্য করেছেন ১১-দলীয় জোটের মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, গণসমর্থন বাড়তে থাকায় পরিকল্পিতভাবে প্রচারসামগ্রী নষ্ট করা হচ্ছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।
পোস্টে নাহিদ ইসলাম লেখেন, তার পক্ষে জনসমর্থনের জোয়ার দেখে একটি গোষ্ঠী আতঙ্কিত হয়ে পড়েছে এবং ধারাবাহিকভাবে বিলবোর্ড ও ব্যানার ছিঁড়ে ফেলছে। তিনি দাবি করেন, শাপলাকলি প্রতীকের অগ্রযাত্রা ঠেকাতে মরিয়া হয়ে উঠেছে তারা।
তিনি আরও উল্লেখ করেন, রোববার রাতে ২৩ নম্বর ওয়ার্ডের নূরবাগ মসজিদের পাশের একটি বিলবোর্ড ভাঙচুর করা হয়েছে। এ ঘটনাকে নিন্দনীয় উল্লেখ করে তিনি বলেন, প্রচারসামগ্রী নষ্ট করে তার অগ্রযাত্রা থামানো যাবে না। আগামী ১২ তারিখ নির্বাচনে সংশ্লিষ্ট এলাকার ভোটাররা এর জবাব দেবেন বলেও তিনি মন্তব্য করেন।



